Thursday, 8 October 2026

নিয়াগুল গ্রামের তরুণ পাইলট মুর্তজা আলী সানী

‎১৭ বছরেই বাজিমাত, ২২০০ জন পাইলটের মধ্যে দ্বিতীয় জকিগঞ্জের মুর্তজা আল সানী
‎

‎জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
‎সিলেটের জকিগঞ্জ উপজেলার ৮ নম্বর কসকনকপুর ইউনিয়নের মুন্সিবাজার এলাকার নিয়াগুল গ্রামের সন্তান মুর্তজা আল সানী। মাত্র ১৭ বছর বয়সে বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ পাইলট হওয়ার অনন্য নজির স্থাপন করে দেশ ও নিজ এলাকার নাম উজ্জ্বল করতে যাচ্ছেন এই উদীয়মান তরুণ প্রতিভা।
‎
‎​অত্যন্ত অল্প বয়স থেকেই মুর্তজা আল সানীর স্থির সংকল্প ছিল ভবিষ্যতে একজন সুদক্ষ পাইলট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার। সেই আজন্ম লালিত স্বপ্ন পূরণের পথে অদম্য গতিতে ছুটে চলছেন তিনি। সম্প্রতি সিভিল এভিয়েশন অথরিটি অনুমোদিত ‘নেক্সট এয়ার লিমিটেড’-এর আওতায় অনুষ্ঠিত এক প্রতিযোগিতামূলক মূল্যায়নে ক্যাডেট পাইলট (Cadet Pilot) হিসেবে বিশ্বমানের পেশাদার বিমান চালকদের কাতারে নিজের নাম সগৌরবে অন্তর্ভুক্ত করেছেন সানী। গত ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই মূল্যায়নে দেশের প্রায় ২,২০০ জন প্রার্থীর মধ্য থেকে মেধা তালিকায় ২য় স্থান অধিকার করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।
‎
‎​বিস্ময়কর এই তরুণ প্রতিভা শুধু এভিয়েশন খাতেই নয়, প্রাতিষ্ঠানিক ও দ্বীনি শিক্ষাতেও তাঁর অসাধারণ মেধার সাক্ষর রেখে চলছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের একটি নামকরা বিশ্ববিদ্যালয় হতে সফলতার সাথে এ-লেভেল সম্পন্ন করছেন। পাশাপাশি দ্বীনি জ্ঞান অর্জনে সিহাহ সিত্তার অন্যতম প্রধান কিতাব ‘বোখারি শরীফ’-এর গভীর জ্ঞান সমৃদ্ধ লেখাপড়াও সমানতালে চালিয়ে যাচ্ছেন।
‎
‎​মুর্তজা আল সানীর পিতা মোঃ সাব্বির আহমদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীনে কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
‎
‎​সানীর এই অসামান্য ও গৌরবোজ্জ্বল সাফল্যে তাঁর পরিবার যেমন অত্যন্ত গর্বিত, তেমনি নিজ গ্রাম নিয়াগুলসহ পুরো জকিগঞ্জ উপজেলার সাধারণ মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার। স্থানীয়রা মনে করছেন, সানীর এই অর্জন দেশের তরুণ প্রজন্মের জন্য এক দারুণ অনুপ্রেরণা হয়ে থাকবে।

No comments:

Post a Comment